অন্য বর্ণে বিবাহের জন্য এক পরিবারের ৪০ জন সদস্যের মস্তক মুন্ডন করে শুদ্ধিকরণ করা হল

Odisha Cast Marriage Controversy

নিজস্ব প্রতিবেদন

বিয়ে নিয়ে ধুন্ধুমার। অন্য বর্ণে বিবাহের জন্য এক পরিবারের ৪০ জন সদস্যকে মস্তক মুন্ডন করে প্রায়শ্চিতের পর শুদ্ধিকরণ করা হল। ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী থাকল ওড়িশার রায়গড়া জেলার কাশীপুর ব্লকের গোরখপুর পঞ্চায়েতের অধীনে বাইগনাগুড়া গ্রামের মানুষ। অন্য ধর্মের নয়, নিজের ধর্মের অন্য বর্ণের পুরুষকে বিবাহের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটল।

বাইগনাগুড়া গ্রামের তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের এক মহিলা তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তফসিলি জাতি (এসসি) থেকে আসা এক পুরুষকে বিয়ে করেছিলেন।

এই বিবাহের ফলে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, তারা পরিবারকে সমাজ থেকে বহিষ্কার করে। গ্রামবাসীরা দাবি করে যে, যদি মহিলার পরিবার ফের নিজেদের বর্ণে ফিরে যেতে চায় তবে শুদ্ধিকরণ করে। যদি তারা তা মেনে নিতে না চাই তাহলে গ্রামবাসীরা পরিবারকে অনির্দিষ্টকালের জন্য সামাজিক বয়কট করবে। গ্রামবাসীদের চাপের মুখে, পরিবার স্থানীয় দেবতার সামনে  রীতি অনুসারে পশু বলি দেওয়ার পর পরিবারের সব সদস্য মস্তক মুন্ডন করে এর পরেই সম্প্রদায় তাদের পুনরায় গ্রহণের আশ্বাস দেয়।

১১ জুন এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাটি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্তের কথা জানিয়েছেন স্থানীয় বিডিও। কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।