Migrant Worker Controversy
মনিরুল হোসেন
বাংলা ভাষায় কথা বললেই ডিপোর্চ করে দেওয়া হচ্ছে। আজ কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাট নিউটাউনে সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এশিয়ার মধ্যে দ্বিতীয় ও বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলাভাষী মানুষের সংখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতের যে কোনও নাগরিক দেশের যে কোনও জায়গায় যেতে পারেন। তিনি বলেন বাংলায় দেড় কোটি মানুষ বাংলায় কর্মসূত্রে রয়েছেন। নানা ভাষার নানা ধর্মের মানুষ পাশাপাশি থাকতেই পারেন। মুখ্যমন্ত্রী বলেন মনুষ্যত্বই আমাদের সবচেয়ে বড় পরিচয়। তিনি বলেন এই কারণেই ফাইলে নিজের পদবি লেখেন না।
শুধু ‘বাংলাদেশি’ বলেই নয়, ভিন্রাজ্যে বাংলাভাষীদের ‘রোহিঙ্গা’ বলেও দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছে, বাংলাদেশি আর রোহিঙ্গা। কোথা থেকে এল রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলা জানল কোথা থেকে? যাঁরা বলছেন তাঁরা এক বার বুঝবেন না!” মমতা আরও বলেন, “কেউ বলছে ১৭ লক্ষ রোহিঙ্গা আছে। আমি বলছি, ঠিকানা দিন। বলুন কোথায় তাঁরা আছেন।”
কেন্দ্র সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন “আজ সকলের উপর অত্যাচার হচ্ছে। কেন বলবে ১৭ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও! কে তুমি হরিদাস? কে তোমরা? যে ভারতীয় নাগরিক সে-ই ভোট দেবে। যাঁরা বাংলায় বাস করেন, বাংলার নাগরিক, কেন তুমি তাঁর নাম কাটবে? সে কোন জাত, কোন ধর্ম তা তোমার দেখার দরকার নেই। তাঁরা ভীষণ ভাবে বাংলার ভোটার।”
