Big changes in TMC in Parliament
মনিরুল হোসেন
তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে বড়সড় পরিবর্তন ঘটল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে লোকসভায় তৃণমূলের দলনেতা ঘোষণা করলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। অন্যদিকে দলনেত্রী ভার্চূয়াল বৈঠকে লোকসভায় দলে চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দলীয় সাংসদদের মধ্যে সমন্বয়ে ফাঁক থেকে যাচ্ছে বলে জানান। বৈঠক শেষ হওয়ার পরেই মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফার কথা জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কদিন আগেই লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অমিত শাহকে চূড়ান্ত আক্রমণ করেছিলেন। লোকসভার তৃণমূল কংগ্রেসের নজরকাড়া সাংসদের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যতম। আজ তিনিই লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ বা মুখ্যসচেতক পদ থেকে ইস্তফা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সাংসদের সঙ্গে ভার্চূয়াল বৈঠক শেষ হওয়ার পরেই নিজের সরে আসার সিদ্ধান্তের কথা জানান কল্যাণ ব্যানার্জী। এমনকি কাকলি ঘোষ দস্তিদারকে তিনি বলেন তাঁকে যেন এবার থেকে পিছনের সারিতে তাঁর বসার ব্যবস্থা করা হয়। যদিও তৃণমূল সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তিন চার দিন চিফ হুইপের দায়িত্ব সামলানোর জন্য অনুরোধ করেছেন।
কল্যাণ ব্যানার্জী নিজে তাঁর এই সিদ্ধান্ত প্রসঙ্গে জানিয়েছেন, ‘মমতা ব্যানার্জি জানিয়েছেন লোকসভায় দলের কো-অর্ডিনেশন ঠিকমতো হচ্ছে না। আঙুল তুলেছেন আমার দিকে। তাই আমি সরে গিয়েছি। দিদি যখন মনে করছেন ঠিকঠাক সমন্বয় হচ্ছে না তখন আমিই সরে গেলাম।’
