মন্দিরের দেওয়ালে “আই লাভ মুহাম্মদ” লেখার ষড়যন্ত্র ফাঁস করল আলিগড়ের পুলিশ

Conspiracy to write ‘I Love Muhammad’ on Aligarh temple exposed

মনিরুল হোসেন

২৫ অক্টোবর  উত্তর প্রদেশের আলিগড়ে লোধা থানা এলাকার বুলাকগড়ি এবং ভগবানপুর গ্রামে চারটি মন্দিরে “আই লাভ মুহাম্মদ” লেখা দেখতে পাওয়া যায় ।এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু যারা লিখেছিল তাদের মধ্যে কেউ মুসলিম ছিল না। সকলেই হিন্দু যুবক। চার অভিযুক্ত হলেন জিশান সিং, আকাশ সারস্বত, দিলীপ শর্মা এবং অভিষেক সারস্বত। চার জনকেই গ্রেফতার করেছে আলিগড় থানার পুলিশ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এসএসপি নীরজ সিং জানান ২৫শে অক্টোবর কিছু দুস্কৃতি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উন্মাদনা উস্কে দেওয়ার জন্য পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটায়।

পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, মোবাইল কল ডিটেইলস এবং পুরনো মামলার রেকর্ডগুলি বিশ্লেষণ করে। তদন্তে জানা গেছে যে বুলাকগড়ির বাসিন্দা জিশান এবং ভগবানপুরে মুকেশের পক্ষের অভিষেক, আকাশ এবং দিলীপ মন্দিরের দেয়ালে “আই লাভ মুহাম্মদ” লিখে সাম্প্রদায়িক পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্র করেছিলেন। পুলিশ জানিয়েছে তাদের লেখা বানানে ত্রুটি এবং হাতের লেখার ধরণও অভিযুক্তদের শনাক্ত করতে সহায়তা করেছে। চার অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়ে ভগবানপুর গ্রামে, ২০১৪ সালের জানুয়ারিতে  

মুকেশের সঙ্গে গুল মোহাম্মদের দলবলের সংঘর্ষ হয়। এই ঘটনায় মুকেশের পক্ষের ১৫ জনের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয় এবং আদালতে চার্জশিট দাখিল করা হয়। সেই মামলায় মুস্তাকিমকে নতুন মামলায় জড়ানোর জন্য, জিশান তার বন্ধুদের সাথে মন্দিরের দেয়ালে এই জিনিসগুলি লিখেছিল। এসএসপি নীরজ জাদৌন জানিয়েছেন যে আসামিরা জিজ্ঞাসাবাদের সময় অপরাধ স্বীকার করেছে। তাদের উদ্দেশ্য ছিল চাপ প্রয়োগ করে তাদের পুরনো মামলার রায়কে প্রভাবিত করা।