দিল্লিতে ফের নির্ভয়া-কাণ্ডের ছায়া, বাসে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

Delhi Gang Rape-2026

নিজস্ব প্রতিবেদন :

দিল্লিতে দাঁড়িয়ে থাকা একটি বাসের ভেতরে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ঘিরে ফের সামনে উঠে এল রাজধানীতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রানি বাগ এলাকায়। অভিযোগকারী মহিলা পিতামপুরার একটি বস্তি এলাকার বাসিন্দা এবং মঙ্গোলপুরির একটি কারখানায় কর্মরত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সরস্বতী বিহারের একটি বাস স্টপে দাঁড়িয়ে থাকা একটি স্লিপার বাসের কাছে সময় জানতে গেলে তাঁকে জোর করে বাসের ভেতরে তুলে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর বাসটি নাঙ্গলোইয়ের দিকে নিয়ে গিয়ে চলন্ত বাসের মধ্যেই তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পরে কোনওভাবে তিনি উদ্ধার হন এবং পুলিশে অভিযোগ দায়ের করেন। মহিলার ডাক্তারি পরীক্ষার পর এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বাসটিও আটক করা হয়েছে।

এই ঘটনা ফের মনে করিয়ে দিচ্ছে ২০১২ সালের ভয়াবহ ‘নির্ভয়া’ কাণ্ডের কথা। সেবারও দক্ষিণ দিল্লিতে চলন্ত বাসের ভেতরে এক তরুণীকে নৃশংস নির্যাতনের শিকার হতে হয়েছিল। প্রায় ১৪ বছর পর একই শহরে ফের বাসের ভেতরে মহিলার উপর যৌন নির্যাতনের অভিযোগে আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে। ঘটনার পর দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী Manish Sisodia বলেন, “দিল্লিতে আবারও এক নির্ভয়া কাণ্ড।”