Cockroach Janta Party
নিজস্ব প্রতিবেদন :
কয়েক দিনের মধ্যেই ভারতের ডিজিটাল রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘ককরোচ জনতা পার্টি’ বা CJP। প্রধান বিচারপতি সূর্যকান্ত-এর একটি বিতর্কিত “তেলাপোকা” মন্তব্যকে ঘিরে শুরু হওয়া ব্যঙ্গাত্মক প্রতিবাদ এখন সোশাল মিডিয়ার এক বিস্ময়কর জনআন্দোলনের রূপ নিয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রামে দলটির অনুসারী সংখ্যা ১ কোটির গণ্ডি ছুঁয়েছে বলে দাবি করা হচ্ছে, যা বহু মূলধারার রাজনৈতিক দলের ডিজিটাল উপস্থিতিকেও ছাপিয়ে গেছে।
এই প্রচারের মূল মুখ অভিজিৎ দিপকে—মহারাষ্ট্রের তরুণ রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ ও বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অতীতে Aam Aadmi Party এবং Arvind Kejriwal-এর টিমের সঙ্গে কাজ করা অভিজিৎ প্রথমে বিষয়টিকে নিছক কৌতুক হিসেবেই শুরু করেছিলেন। কিন্তু ‘তেলাপোকা’ বলে অপমানিত বোধ করা তরুণদের আবেগ মুহূর্তে সেটিকে ভাইরাল আন্দোলনে পরিণত করে।
‘X’ ও ইনস্টাগ্রামে হাজার হাজার তরুণ নিজেদের “ককরোচ” পরিচয়ে পোস্ট করতে শুরু করেন। এমনকি কয়েকজন তৃণমূল সাংসদ প্রকাশ্যে নিজেদের CJP-র সদস্য বলেও দাবি করেন। Akhilesh Yadav-এর “BJP বনাম CJP” মন্তব্যের পর রাজনৈতিক মহলেও বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে।
তবে এই উত্থান ঘিরে বিতর্কও কম নয়। হঠাৎ বিপুল ফলোয়ার বৃদ্ধির পেছনে ‘বট’ অ্যাকাউন্টের অভিযোগ উঠেছে। তবুও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দেশের ক্ষুব্ধ Gen Z প্রজন্মের ডিজিটাল শক্তির ইঙ্গিত হিসেবেই CJP-কে এখন দেখা হচ্ছে।
