সাত সকালে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের তল্লাশি

Police Avishek House Raid

নিজস্ব প্রতিবেদন-

কলকাতার কালিঘাটের পটুয়াপাড়ায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই তল্লাশি চালায় পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ। সূত্রের খবর, এদিন তল্লাশির সময় পুলিশের সঙ্গে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং কলকাতা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, তল্লাশির সময় বাড়ির ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালানোর পর পুলিশ বাহিনী এলাকা ছেড়ে বেরিয়ে যায়।

সূত্রের দাবি, ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সদস্যরা প্রথমে বাড়ির একটি তালাবদ্ধ অংশের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। এরপর শালবনী থানার পুলিশ বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালায়। তদন্তকারী সূত্রে খবর, অর্থের বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ সংক্রান্ত একটি মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী তথা আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্তের অংশ হিসেবেই পুলিশ এদিন কালিঘাটের বাড়িতে পৌঁছয় বলে দাবি তদন্তকারী মহলের।সুমিত রায়ের খোঁজেই শালবনী থানার পুলিশ অভিষেকের বাড়িতে হাজির হয়েছিল। কিন্তু সুমিতের দেখা সেখানে মেলেনি। মেদনীপুরের তৃণমূল নেতা সুজয় রায়কে জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। সেই সূত্র ধরেই সুমিতের খোঁজে আসে পুলিশ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তদন্তমূলক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার তিনি ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের মুখোমুখি হয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন। এরপর শুক্রবার সন্ধ্যায় সিআইডি আধিকারিকরা অন্য একটি মামলায়—ডিজে নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে—কালিঘাটের বাড়িতে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসেন।

তার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে শনিবার সকালে ফের অন্য একটি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের তল্লাশি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।