উত্তরে অতি ভারী বৃষ্টি, দক্ষিণে বজ্রঝড়—দুর্যোগের মুখে বাংলা

West Bengal Weather Update

নিজস্ব প্রতিবেদন

একনজরে বাংলার দুর্যোগের খবর

রাজ্যজুড়ে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার দাপট অব্যাহত থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ও রবিবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।

ইতিমধ্যেই প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে ধস নেমেছে। বন্ধ হয়ে গিয়েছে ১১০ নম্বর জাতীয় সড়ক এবং NH-10-এর একাংশ, ফলে যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২০ জুন শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি ও বজ্রপাত-সহ ঝড়ের দাপট বাড়বে। উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার প্রভাব বেশি থাকতে পারে। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় আগামী দু’দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে।

২১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলবে। হুগলি, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা-সহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে জল জমা, যান চলাচলে বিঘ্ন এবং বজ্রপাতজনিত ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।