আরও নিবিড়, আরও বিস্তারিত উদ্যোগ!
বাংলার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ব্যাপকতর হতে চলেছে নাম তোলার কাজ। শুক্রবার নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের বৈঠকে নেওয়া হয়েছে তেমনই সিদ্ধান্ত। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ প্রশাসন ও শ্রম দফতরের গুরুত্বপূর্ণ আধিকারিকরা।

বৈঠক-শেষে সংবাদ মাধ্যমের জন্য বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতি থেকে জানা যাচ্ছে—
- চলতি বছরের শেষ মাসে রাজ্যের প্রতিটি জেলায় পরিযায়ী শ্রমিকদের নাম সরকারি নথিতে তুলবার জন্য আরও প্রবল করা হবে বিশেষ প্রচার অভিযান
- শ্রম দফতরের ওয়েবসাইটে চাকরিপ্রার্থী পরিযায়ী শ্রমিকরা আবেদন করতে পারবেন
- হাওড়া ও শিয়ালদা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের জন্য অতিসত্বর চালু করা হবে হেল্প ডেস্ক
- পরিযায়ী শ্রমিকরা ব্লক অফিসে ও বাংলা সহায়তা কেন্দ্রে নাম তুলতে পারবেন
- পরিযায়ী শ্রমিকরা সরাসরি কর্মসাথী (পরিযায়ী শ্রমিক) অ্যাপ ও কর্মসাথী পরিযায়ী পোর্টাল https://karmasathips.wblabour.gov.in -এর মাধ্যমেও নাম তুলতে পারবেন
- হেল্পলাইন: ১৮০০১০৩০০০৯।
সংবাদ মাধ্যমের উদ্দেশে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে—
‘পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের জন্য দুয়ারে সরকারের পর যে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল, তাতে ভালো সাড়া মিলেছে। শুধুমাত্র এই বিশেষ অভিযানের মাধ্যমে ইতিমধ্যেই ৮,১৭,০২০ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা সম্ভব হয়েছে। কর্মসাথী অ্যাপের মাধ্যমে প্রচারাভিযান চলাকালীন ২১,৫৮,০১৬টি আবেদনের মধ্যে ১৮,০১,৪১৫টি ইতিমধ্যেই ডিজিটালাইজ করা হয়েছে।’
বিবৃতিতে ইঙ্গিত, বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বিগত দিনে বিপুল কর্মকাণ্ডে যথেষ্ট ইতিবাচকতা লক্ষ করেই মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকের নির্দেশ দেন।
