শূণ্য ভোট পেয়ে চমক, ইভিএম কারচুপির অভিযোগে সরব রাজস্থানের রাজনৈতিক দল!

Zero votes recorded in Rajasthan amid allegations of EVM rigging!

ওয়েবডেস্ক প্রতিবেদন: রাজস্থানে সদ্য সমাপ্ত স্থানীয় পৌরসভার (Urban Local Body) নির্বাচনে ভোট গণনার ফল ঘিরে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। শাসক দল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক আজব নির্বাচনী ফলাফল। বালোত্রা জেলার সিন্দ্রি মিউনিসিপাল কাউন্সিলের ওয়ার্ড নম্বর ৩-এর এক প্রার্থী শূন্য বা জিরো ভোট পাওয়ার পর ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন।

রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (RLP) প্রার্থী ওমপ্রকাশ বাউরি এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচন কমিশনের ফল প্রকাশের পর দেখা যায়, ওই ওয়ার্ডে মোট ২২৭টি ভোট পড়েছে। যেখানে কংগ্রেস প্রার্থী ১৩২টি এবং বিজেপি প্রার্থী ৯২টি ভোট পেয়েছেন, সেখানে ওমপ্রকাশ বাউরির ঝুলিতে নাকি এসেছে ‘শূন্য’ (Zero) ভোট! এমনকি তাঁর প্রাপ্ত ভোট ‘নোটা’ (NOTA)-র থেকেও কম দেখানো হয়েছে।

এই ফলাফলের পরেই বিস্ফোরক অভিযোগ করেন ওমপ্রকাশ। একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, “ওয়ার্ডের মানুষ আমাকে ভোট দিয়েছেন। এর একটাই অর্থ, ভোটদান বা গণনার সময় ভোট চুরি করা হয়েছে। আমি অবিলম্বে ওই ওয়ার্ডে ব্যবহৃত ইভিএম (EVM) বাজেয়াপ্ত করা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।” তাঁর আরও অভিযোগ, গণনার সময় তিনি উপস্থিত থাকলেও ইভিএম সিল করার নথিতে তাঁর স্বাক্ষর নেওয়া হয়নি এবং জোর করে তাঁকে প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় ভিডিওগ্রাফি খতিয়ে দেখা এবং পুনর্গণনার দাবি তুলেছেন তিনি।

এদিকে, এই ঘটনার পাশাপাশি ডিডওয়ানা-কুচামান জেলার পর্বতসার পৌরসভাতেও এক অদ্ভুত ফল দেখা গেছে। সেখানে ওয়ার্ড ১৩-এর বিজেপি প্রার্থী কৈলাশচন্দ্র মাত্র একটি ভোট পেয়েছেন। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুনিতা রান্ডা জানান, সংখ্যালঘু অধ্যুষিত ওই ওয়ার্ডে প্রতিপক্ষ যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে না পারে, সেই কারণেই ওই প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল।

উল্লেখ্য, পর্বতসার পৌরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ১৩টিতে এবং বিজেপি ১২টিতে জয়লাভ করে। তবে সিন্দ্রি মিউনিসিপ্যাল কাউন্সিলের এই ‘জিরো ভোট’ কান্ড এবং প্রার্থীর চাঞ্চল্যকর অভিযোগ গোটা রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। যদিও এই বিষয়ে নির্বাচন কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র-ূদি ইন্ডিয়ান এক্সপ্রেস