শান্তিনিকেতনের বহুচর্চিত পৌষমেলা ফিরছে স্বস্থানে? বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের পর প্রবল হয়ে উঠছে সম্ভাবনা। ২০২০ থেকে পূর্বপল্লির মাঠে পৌষমেলা হয় না। উপাচার্য থাকাকালীন বিদ্যুৎ চক্রবর্তীর বিতর্কিত সিদ্ধান্তে দীর্ঘদিনের রেওয়াজ ভাঙে। পরিবেশ আদালতের দূষণ সম্পর্কিত একটি মামলাকে হাতিয়ার করে ওই মাঠে মেলা বন্ধ করেন বিদ্যুৎ। এই নিয়ে রীতিমতো অসন্তোষ ছড়ায় আশ্রমিকদের মধ্যে।
তবে স্থান পরিবর্তন হলেও পৌষমেলায় ছেদ পড়েনি। জেলা প্রশাসন, ব্যবসায়ী সমিতি ও বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে ডাকবাংলো মাঠে ২০২০, ২১ ও ২২ সালে মেলা হয়েছে। এখন বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের পর পৌষমেলাকে পূর্বপল্লির মাঠে ফেরানো যায় কিনা, তার চেষ্টা চলছে।
মেলায় দূষণ নিয়ে পরিবেশ আদালতের মামলাকারী স্বয়ং সুভাষ দত্ত এব্যাপারে আগেই শান্তিনিকেতন ট্রাস্টের সঙ্গে কথা বলেছেন। তিনিও চান, পৌষমেলা ফিরুক পূর্বপল্লির মাঠে। দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি সুভাষ দত্তের সমালোচনা, ‘পরিবেশ আদালত পৌষমেলা বন্ধের নির্দেশ দেয়নি। দূষণ রোধের নির্দেশ দিয়েছিল।’