ফের নাশকতার শাসানি

জানা গেল আইপি অ্যাড্রেস, লোকটা কোথায়?

বিমানবন্দরের টার্মিনাল ২ উড়িয়ে দেওয়ার হুমকি! নেপথ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। নড়ে চড়ে বসল মুম্বই পুলিশ (Mumbai Police)।

বৃহস্পতিবার। বেলা ১১টার কাছাকাছি সময়। মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের ঠিকানায় এসে পৌঁছল একটি ইমেল (Email)। বাংলা তর্জমা—

আপনার বিমানবন্দরের জন্য হুঁশিয়ারি— বিটকয়েনে ১ মিলিয়ন ডলার না দিলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বোমা ফেলে টার্মিনাল ২ উড়িয়ে দেব। ২৪ ঘণ্টা পর আরেকবার সতর্ক করব।

এই হুমকি মেল পাওয়ার পর, ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে মুম্বইয়ের স্থানীয় থানায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়। পরে মুম্বই পুলিশের তরফে সামগ্রিকভাবে মামলা নথিভুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা ইমেল আইডির সূত্র ধরে প্রেরকের আইপি খুঁজে পেয়েছে। তবে প্রেরকের অবস্থান খুঁজে পাওয়া যায়নি। ওই বিমানবন্দরের সঙ্গে জড়িত অন্যান্য উদ্বেগজনক ঘটনার সঙ্গে এটিকে যোগ করেছে মুম্বই পুলিশ।

৫ সেপ্টেম্বর, কামাথিপুরায় ‘বোমা বিস্ফোরণ হবে’ বলে মিথ্যা দাবির পরিপ্রেক্ষিতে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করার জন্য একজনকে গ্রেফতার করা হয়েছিল। তারও আগে, ১৩ অগস্ট, মুম্বইতে ‘১০০ কেজি বিস্ফোরক’ সংক্রান্ত প্রতারণামূলক কলের অভিযোগে ৪৪ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। বারবার এইধরনের মিথ্যা শাসানি এবার গোয়েন্দাদের বিশেষ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল। আপাতভাবে বিচ্ছিন্ন এইসব অপরাধের পিছনে বড় কোনও চক্র কাজ করছে কি? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।