দীন হল চিন্তন-পৃথিবী!
একপ্রকার দুর্ঘটনাতেই মৃত্যু হল বাংলার সাম্প্রতিক সারস্বত সমাজের অন্যতম চিন্তক অমল মুখোপাধ্যায়ের। আজই বাড়ির সিঁড়িতে পা পিছলে আহত হন তিনি। আঘাত লাগে মাথায়। প্রাথমিকভাবে রক্তাক্ত পরিস্থিতি সামাল দেন আত্মীয়রা। দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে। ছিলেন ভেন্টিলেশনে। বিকেল সাড়ে চারটের একটু পরে মৃত্যু নিশ্চিত করা হয় চিকিৎসকদের তরফে।
রাষ্ট্রবিজ্ঞানে দীর্ঘ অধ্যাপনার সুবাদে একসময় প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ পদ অলংকৃত করেন শ্রী অমল মুখোপাধ্যায়। সংবিধান সহ বিভিন্ন বিষয়ে তাঁর অবিসংবাদী পাণ্ডিত্য হয়ে উঠেছিল অগণিত ছাত্রছাত্রী ও অনুরাগীর অন্যতম আশ্রয়। সংবাদ মাধ্যমেও একাধিক জটিল বিষয়ের বিশ্লেষণ ও প্রতিক্রিয়ায় তাঁর দক্ষতা মুদ্ধ করেছে দর্শকদের। বর্তমান কেন্দ্রীয় সরকারের সিএএ ও এনআরসি বিষয়ক পদক্ষেপ ও পদ্ধতির কড়া সমালোচক ছিলেন তিনি। ৮৭ বছর বয়সেও সুপণ্ডিত অমল মুখোপাধ্যায় ছিলেন যথেষ্ট সক্ষম ও সক্রিয়। মেধার জগতে নিঃসন্দেহে এ এক অপূরণীয় ক্ষতি।
Cover Image Courtesy: Facebook
