Kolkata’s Neena Gupta features on the TIME100 Next India list
বিশেষ প্রতিবেদন
আন্তর্জাতিক মঞ্চে আরও একবার বাংলার মুখ উজ্জ্বল করলেন কলকাতার গণিতবিদ নীনা গুপ্ত। বিশ্বের জনপ্রিয় সাময়িকী ‘টাইম’-এর প্রথম ‘TIME100 Next India 2026’ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। বিজ্ঞানের জটিল গবেষণায় বিশেষ অবদানের জন্য তাঁকে ‘হেলথ অ্যান্ড সায়েন্স ইনোভেটরস’ বিভাগে রাখা হয়েছে। প্রায় সাত দশক ধরে চলা একটি বড় গাণিতিক সমস্যার একটি দিক নিয়ে কাজ করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি।কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) অধ্যাপক নীনা গুপ্ত মূলত বীজগাণিতিক জ্যামিতি নিয়ে গবেষণা করেন। ২০১৪ সালে তাঁর গবেষণায় এমন একটি উদাহরণ সামনে আসে, যা গণিতবিদ অস্কার জারিস্কির তোলা ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’-এর একটি অংশের প্রচলিত ধারণাকে নাড়িয়ে দেয়। ১৯৪৯ সালে শুরু হওয়া এই পুরনো সমস্যা নিয়ে তাঁর কাজ আন্তর্জাতিক মহলে বিশেষভাবে প্রশংসিত হয়।
ছোটবেলা থেকেই অঙ্কের টান ১৯৮৪ সালে কলকাতায় জন্ম নীনা গুপ্তের। ছোটবেলা থেকেই অঙ্কের প্রতি ভালোবাসা থাকলেও প্রথম দিকে যে অঙ্ককেই নিজের ক্যারিয়ার করবেন, তা তিনি ভাবেননি। বেথুন কলেজে অঙ্ক নিয়ে পড়ার পরামর্শ দিয়েছিলেন এক সিনিয়র। সেই পরামর্শই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।অঙ্ক শেখার পেছনে নীনার মা জ্ঞানলতা গুপ্তের বড় ভূমিকা ছিল। তিনি নীনা ও তাঁর ভাইকে নানা গাণিতিক সমস্যা সমাধান করতে উৎসাহ দিতেন। অনেক সময় মায়ের দেওয়া সেইসব অঙ্ক মেলাতে গিয়ে ভাইবোনের মধ্যে মিষ্টি প্রতিযোগিতাও চলত।২০০৬ সালে বেথুন কলেজ থেকে অঙ্কে স্নাতক হওয়ার পর নীনা আইএসআইয়ে স্নাতকোত্তর পড়তে শুরু করেন। ২০০৮ সালে স্নাতকোত্তর শেষ করে ২০১১ সালে অধ্যাপক অমর্ত্য কুমার দত্তের অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
কী ছিল পুরনো গাণিতিক সমস্যায় সাফল্য? ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’-এর সহজ কথাটি হলো, দুটি গাণিতিক কাঠামোর সঙ্গে একটি বাড়তি মাত্রা যোগ করার পর যদি সেগুলো একরকম হয়ে যায়, তবে বাড়তি মাত্রা যোগ করার আগেও কি কাঠামো দুটি একরকম ছিল? নীনা গুপ্ত তাঁর গবেষণায় দেখান, নির্দিষ্ট কিছু গাণিতিক অবস্থায় এই ধারণা সবসময় ঠিক নয়।জাপানি গণিতবিদ তাকানরি আসানুমার তৈরি একটি ত্রিমাত্রিক কাঠামো ব্যবহার করে নীনা এমন একটি পাল্টা উদাহরণ তৈরি করেন, যা নির্দিষ্ট ক্ষেত্রে প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে। বীজগাণিতিক জ্যামিতির এই শাখায় তাঁর কাজ বিশেষ গুরুত্ব পেয়েছে।
একের পর এক সম্মান গবেষণার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পান নীনা গুপ্ত। এরপর ২০১৯ সালে শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার এবং ২০২১ সালে রামানুজন পুরস্কার পান তিনি। রামানুজন পুরস্কার পাওয়া তৃতীয় মহিলা হিসেবে তাঁর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।২০২২ সালে তিনি পান নারী শক্তি পুরস্কার। ২০২৪ সালে ইনফোসিস পুরস্কার এবং ২০২৫ সালে সম্মানজনক এমি নোয়েথার বক্তৃতা দেওয়ার সুযোগও পান। এবার ‘TIME100 Next India 2026’-এর তালিকায় স্থান পাওয়া তাঁর সাফল্যে নতুন মাত্রা যোগ করল।
গবেষণায় নারীদের এগিয়ে আসা বিজ্ঞান ও গণিতের গবেষণায় নারীদের অংশগ্রহণ নিয়েও নানা সময় কথা বলেছেন নীনা গুপ্ত। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আইএসআইয়ে স্নাতকোত্তর পড়ার সময় অঙ্কের ক্লাসে তিনিই ছিলেন একমাত্র ছাত্রী।বেথুন কলেজের ছাত্রী থেকে আজকের স্বনামধন্য গবেষক ও আইএসআইয়ের অধ্যাপক—নীনা গুপ্তের এই পথচলা শুধু নিজের সাফল্য নয়, বরং নতুন প্রজন্মের পড়ুয়া, বিশেষ করে অঙ্ক ও বিজ্ঞানে আসতে চাওয়া মেয়েদের কাছে এক বড় অনুপ্রেরণা।
তথ্যসূত্র- লাইভ মিন্ট
