তিন মাসের মধ্যে রাজ্যে ৮-১০ হাজার একর জমি কেনার লক্ষ্যমাত্রা, সিঙ্গুর-ভাঙড় সহ একাধিক প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Land Acquisition Policy in Singur and Industrial Zones

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে শিল্পায়ন ও পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার একর জমি সরাসরি কেনার বড়সড় পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিঙ্গুর, পুরুলিয়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং নিউটাউন লাগোয়া ভাঙড় এলাকা থেকে এই জমি সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে রাজ্যে মেডি-সিটি, রিলিজিয়াস সিটি এবং অত্যাধুনিক প্রশাসনিক ক্যাম্পাস তৈরির রূপরেখাও তুলে ধরেছেন তিনি।

সিঙ্গুর ও শিল্পাঞ্চলে জমি অধিগ্রহণ নীতি সিঙ্গুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সেখানকার জমি চাষের অযোগ্য হয়ে পড়ায় কৃষকরা ধান, আলু বা সর্ষে কোনো কিছুই ফলাতে পারছেন না। এমনকি বিগত সরকারের আমলে জেসিবি দিয়ে মাছ চাষের চেষ্টাও ব্যর্থ হয়েছে। বাম আমল এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ের পর ২০১৬-১৭ সালে—দু’বার ক্ষতিপূরণ পেলেও জমির কোনো সদ্ব্যবহার হয়নি। শুভেন্দু অধিকারীর কথায়, “সিঙ্গুরে কিছু না কিছু হবেই।” তিনি জানান, হুগলির জেলাশাসক এবং ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBIDC)-এর মাধ্যমে ন্যায্য মূল্যে সরাসরি জমি কেনার প্রক্রিয়া চলছে, যেখানে সিঙ্গুরে প্রায় ৯৯৭ একর জমি কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এছাড়াও পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য পুরুলিয়ায় এবং বন্ধ হয়ে যাওয়া কারখানা ও জুটমিলের মালিকদের কাছ থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে জমি কেনা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নিউটাউন ও ভাঙড়ে মেগা প্রকল্প নিউটাউন এলাকার সম্প্রসারণের লক্ষ্যে লাগোয়া ভাঙড় ও সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও ইচ্ছুক কৃষকদের নির্ধারিত দরে জমি কেনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। নিউটাউনকে ঘিরে একাধিক বড় প্রকল্পের কথা ঘোষণা করে তিনি বলেন:

  • মেডি-সিটি: আদানি গোষ্ঠীর উদ্যোগে ‘আরোগ্য মন্দির’ নামক একটি মেডি-সিটি গড়ে উঠছে। এর সঙ্গে মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, হোস্টেল এবং রোগীর পরিজনদের থাকার জন্য হোটেল তৈরি হবে।
  • রিলিজিয়াস সিটি: বিগত সরকার যে ১৭ একর জমিতে ‘দুর্গাঙ্গন’ করতে চেয়েছিল, সেই জমি আম্বানি গোষ্ঠীকে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, “মন্দির করা সরকারের কাজ নয়, ওরা করবে।” পাশাপাশি দক্ষিণ ভারতের তিরুপতির আদলে ফ্রি প্রসাদ ব্যবস্থা সহ বালাজি মন্দিরও সেখানে নির্মিত হচ্ছে, যা একটি পূর্ণাঙ্গ রিলিজিয়াস সিটির রূপ নেবে।
  • নতুন প্রশাসনিক ক্যাম্পাস: মুখ্যসচিব, বিধানসভা ও হাইকোর্টের যৌথ উদ্যোগে চিহ্নিত একটি বড় জমিতে নতুন হাইকোর্ট, বিধানসভা ভবন এবং প্রশাসনিক দপ্তর গড়ে তোলা হবে। একই ক্যাম্পাসে বিচারপতি, বিভাগীয় প্রধান (HOD) এবং মন্ত্রীদের আবাসনের ব্যবস্থাও থাকবে।
  • শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি: ইকো পার্কে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ ফুট উঁচু মূর্তি ও আনুষঙ্গিক পরিকাঠামো তৈরির ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই জারি হয়েছে। এই প্রকল্পের ৫০ শতাংশ অর্থ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার বহন করছে।

নতুন জমি নীতি ও পূর্বতন সরকারগুলির সমালোচনা নিজের সরকারের জমি নীতির ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, ২০১৩ সালের যে জমি ক্রয় নীতি (ল্যান্ড পারচেজ স্কিম) আগের সরকার গ্রহণ করেনি, বর্তমান সরকার তা কার্যকর করেছে। এই নীতিতে ‘ল্যান্ড পুলিং’ ও জমির উন্নয়নের পর তার একটি অংশ কৃষকদের ফিরিয়ে দেওয়ার সংস্থান রাখা হয়েছে।

বক্তব্যের শেষে পূর্বতন দুই সরকারের জমি নীতির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাম আমলে সিঙ্গুর-নন্দীগ্রামে গুলি চালিয়ে, লাঠি মেরে জোরপূর্বক জমি নেওয়ার নীতির যেমন তিনি বিরোধী, তেমনই গত ১৫ বছরের সরকারের ‘নিজের জমি নিজে খুঁজে নিন’ নীতিরও তিনি ঘোর বিরোধী। তার পরিবর্তে আলোচনা ও ন্যায্য মূল্যে সরাসরি জমি কিনে শিল্প গড়ার পথেই তাঁর সরকার হাঁটছে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *