The state government withdrew the OBC case from the Supreme Court.
প্রতীকি ছবি
বিশেষ সংবাদদাতা: ওবিসি (OBC) তালিকা থেকে ৭৭টি গোষ্ঠীকে বাদ দেওয়ার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে এই আপিল প্রত্যাহারের অনুমতি দেয়। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট থেকে এই মামলাটি তুলে নেওয়া হলো। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই আপিল দায়ের করা হয়েছিল। রাজ্যের পাশাপাশি রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা তাদের পৃথক আপিলটি প্রত্যাহার করে নিয়েছে।
আদালত এই আবেদন প্রত্যাহারের অনুমতি দিলেও স্পষ্ট জানিয়েছে, এই রায়ের ফলে অন্য কোনো সংক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে আপিল করতেই পারেন।
২০২৪ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ওবিসি তালিকায় এই ৭৭টি গোষ্ঠীর (যার মধ্যে ৭৫টিই মুসলিম সম্প্রদায়ভুক্ত) অন্তর্ভুক্তিকে ‘অবৈধ ও অসংবিধানিক’ বলে বাতিল ঘোষণা করেছিল। হাইকোর্ট পর্যবেক্ষণ করেছিল যে, অনগ্রসর শ্রেণী কমিশনের সাথে বাধ্যতামূলক আলোচনা না করেই এই অন্তর্ভুক্তি করা হয়েছিল এবং এক্ষেত্রে যোগ্যতার চেয়ে ‘ধর্মই’ মূল মাপকাঠি হয়ে উঠেছিল, যা আদতে রাজনৈতিক ভোটব্যাংক নিশ্চিত করার প্রয়াস। হাইকোর্টের ওই রায়ের ফলে ২০১০ সালের পর ইস্যু হওয়া প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। তবে যারা ইতিপূর্বে এই সংরক্ষণের সুবিধা নিয়ে সরকারি চাকরি পেয়েছেন বা অন্যান্য সুবিধা ভোগ করছেন, তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি।
রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পদক্ষেপের সমান্তরালে, গত মাসেই পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি সংশোধনী বিল পাস করা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের ওবিসি তালিকাকে ২০১০ সালের পূর্ববর্তী অবস্থায় (৬৬টি গোষ্ঠী) ফিরিয়ে আনা হয়েছে এবং ওবিসি কোটা ১৭% থেকে কমিয়ে পুনরায় ৭% করা হয়েছে।
বঞ্চিত সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে সংশয় ও গভীর হতাশা
আইনি ও রাজনৈতিক এই পটপরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর সামাজিক অগ্রগতির ক্ষেত্রে একটি বড়সড় প্রাচীর তৈরি হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে ৭৫টি পিছিয়ে পড়া মুসলিম গোষ্ঠী এতকাল ওবিসি তালিকার অন্তর্ভুক্ত ছিল, বর্তমান রাজ্য সরকারের এই পিছুটান এবং বিধানসভায় কোটা হ্রাসের সিদ্ধান্তের পর তাদের তালিকায় ফিরে আসার পথ কার্যত রুদ্ধ হয়ে গেল।
আইনি লড়াইয়ে রাজ্য সরকার পাশে না থাকায় এই বঞ্চিত ও প্রান্তিক পরিবারগুলোর ভবিষ্যৎ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ এখন চরম অনিশ্চয়তার মুখে। স্বাভাবিকভাবেই, সরকারের এই পদক্ষেপের পর ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সাধারণ মানুষের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা আগামী দিনে রাজ্যের সামাজিক ও রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে।
