ভারী চেহারায় মন জয়!
ওজন ৮০ কেজি হলেও সুন্দরীদের সঙ্গে টক্কর দিয়ে ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে তালি কুড়োলেন দীপিকা জেন গ্যারেট। এককালে সুস্মিতা সেন, ঐশ্বর্যার মতো বলিউড অভিনেত্রীরা যে প্রতিযোগিতায় বিজয়িনী হয়েছিলেন, সেই ‘মিস ইউনিভার্স’ মুকুট জয়ের মঞ্চে ডাক পেয়েছিলেন নেপালের মিস দীপিকা জেন গ্যারেটও।
জয়ের মুকুট তাঁর মাথায় ওঠেনি। তবে খেতাব না জুটলেও প্রাপ্তির ঝুলি ভরে গিয়েছে গোলগাল চেহারার ২২ বছরের মেয়েটির। সেই সঙ্গে সৌন্দর্যের বিশ্বমঞ্চে জায়গা তৈরি করেছেন দীপিকা জেন গ্যারেট। তাঁর দৌলতেই প্রথম ছিপছিপে কোমরের তন্বীদের পাশাপাশি কোনও প্লাস সাইজের তরুণীও সৌন্দর্য প্রতিযোগিতা-মঞ্চের অংশীদার হলেন। দীপিকার লাজুক হাসিতে মঞ্চে অবতীর্ণ হওয়া, আত্মবিশ্বাসী জবাব—সবেতেই করতালি শোনা গিয়েছে দর্শকাসন থেকে।

দীপিকা জেন গ্যারেট জানিয়েছেন, ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে পৌঁছনোটাই তাঁর কাছে একটা বড় বিষয়। কারণ আগে আর কোনও ভারী চেহারার মহিলাকে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে দেখা যায়নি।
