৯০০ টাকা তুলতে গিয়ে চোখ কপালে! স্কুলছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ৭৫৯ কোটি টাকা!

প্রতীকি ছবি

₹759 crore credited to schoolgirl’s bank account!

হলদিবাড়ি: রূপকথার গল্পকেও হার মানাবে এই ঘটনা! স্কুলের কেডস জুতো কেনার জন্য স্কলারশিপের মাত্র ৯০০ টাকা তুলতে গিয়েছিল সপ্তম শ্রেণীর এক ছাত্রী। কিন্তু অনলাইনের দোকানে ব্যালেন্স চেক করতেই যেন আকাশ থেকে পড়লেন দোকানদার ও ছাত্রী নিজে! ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ১ বা ২ টাকা নয়, একেবারে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা! হ্যাঁ, ঠিকই পড়েছেন। রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া এই ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই ‘ভুতুড়ে’ কাণ্ডে এখন তোলপাড় গোটা এলাকা।

ঠিক কী ঘটেছিল? চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের হলদিবাড়িতে। ওই ছাত্রীর নাম সুপর্ণা রায়। সে হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। বাড়ি দক্ষিণ বড় হলদিবাড়ির খালপাড়ায়। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় তার একটি অ্যাকাউন্ট রয়েছে, যেখানে মূলত স্কুলের স্কলারশিপের টাকা ঢোকে।

সম্প্রতি স্কুল যাওয়ার জুতো ছিঁড়ে যাওয়ায়, রাজ্য সরকারের দেওয়া স্কলারশিপের টাকা তুলতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। শনিবার সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকায় দাদার সাথে স্থানীয় একটি অনলাইনের দোকানে যায় সুপর্ণা। সেখানে ৯০০ টাকা তোলার পর কৌতূহলবশত অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়েই সামনে আসে এই চোখ কপালে তোলার মতো তথ্য!

বাড়িতে ছড়াল আতঙ্ক: লটারির টিকিট না কেটেই অ্যাকাউন্টে এত কোটি কোটি টাকা দেখে খুশির বদলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুপর্ণার পরিবারে। এত টাকা কোথা থেকে এল, কোনো সাইবার অপরাধ বা বড়সড় কেলেঙ্কারির চক্করে তাদের অ্যাকাউন্ট ফেঁসে গেল কি না—এই চিন্তায় ঘুম উড়েছে পরিবারের লোকেদের। সোমবার ব্যাঙ্ক খুললে তবেই এই রহস্যের জট কাটবে বলে মনে করা হচ্ছে।