রাঁচিতে আইসা নেত্রী নেহা বোরার ওপর হামলা, নেপথ্যে ‘গেরুয়া বাহিনী’র হাত থাকার অভিযোগ

Neha Bora, the new star of the movement.

রূপম চট্টোপাধ্যায়

দিল্লির পর এবার উত্তপ্ত ঝাড়খণ্ড। দিল্লির ছাত্রবিক্ষোভের রেশ কাটতে না কাটতেই ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সরব হয়েছেন পড়ুয়ারা। আর সেই আন্দোলনমঞ্চেই আক্রমণের মুখে পড়লেন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-এর সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। অভিযোগের তীর বিজেপি ও আরএসএস আশ্রিত ‘গেরুয়া বাহিনী’র দিকে।

ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশন (JPSC) ও স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-এর পরীক্ষায় দুর্নীতির অভিযোগে জয়পাল সিংহ মুন্ডা স্টেডিয়ামের কাছে অবস্থান-বিক্ষোভ ও অনশন চালাচ্ছেন আন্দোলনকারীরা। গত ৫ জুলাই JPSC প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই প্রশ্নপত্র ও OMR শিট ফাঁসের অভিযোগ তুলে স্বচ্ছতা ও সরকারি জবাবদিহির দাবি উঠছিল। পড়ুয়াদের এই যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানাতেই রাঁচির প্রতিবাদমঞ্চে উপস্থিত হয়েছিলেন নেহা বোরা।

শুক্রবার সভামঞ্চে উঠে নেহা যখন বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই তাঁকে লক্ষ্য করে কালি ছোড়া হয়। তাঁর মুখ, গলা ও জামা কালিতে মেখে গেলেও অদম্য সাহসে সেই অবস্থাতেই বক্তৃতা শেষ করেন তিনি। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেহা বলেন, “বিজেপি ও আরএসএস-এর গুন্ডাবাহিনী শুধু আমাকে নয়, অন্তত ২০ জন মহিলা আন্দোলনকারীর গায়ে কালি দিয়েছে। ওদের কাছে কালি অপদস্থ করার হাতিয়ার হতে পারে, কিন্তু আমরা এই কালি দিয়েই আন্দোলনের নতুন ভবিষ্যৎ লিখব।” তিনি স্পষ্ট জানান, প্রশ্নপত্র ফাঁসের দায় কেবল বেসরকারি সংস্থার ঘাড়ে ঠেলে দিলে চলবে না, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকেও এর দায় নিতে হবে।

যদিও হেমন্ত সোরেনের সরকার OMR শিট ফাঁসের ঘটনায় ইতিমধ্যেই সিআইডি (CID) তদন্তের নির্দেশ দিয়েছে, কিন্তু আন্দোলনকারী পড়ুয়ারা সিবিআই (CBI) তদন্ত ও কলঙ্কিত পরীক্ষাগুলি বাতিলের দাবিতে অনড়।

ঝাড়খণ্ডের কর্মসূচির ধাক্কা সামলে আগামী মঙ্গলবার কলকাতায় আসছেন নেহা বোরা। জাতীয় শিক্ষানীতি (NEP 2020) ও এনটিএ (NTA) বাতিল এবং নিট-আন্দোলনকারীদের ওপর থেকে ভুয়ো মামলা প্রত্যাহারের দাবিতে আইসার একটি বিশেষ সভা রয়েছে। প্রথমে মৌলালি যুবকেন্দ্রে স্থান নির্ধারিত হলেও অনুমতি না মেলায়, মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটে রামমোহন লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে এই প্রতিবাদী কর্মসূচি।