অভিষেক ব্যানার্জীর পিএ সুমিত রায় গ্রেপ্তার শালবনি জমি দুর্নীতি মামলায় সিআইডির জালে

Abhishek Banerjee’s PA Sumit Roy arrested

নিজস্ব প্রতিবেদন

শালবনির জমি দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়কে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার দুপুরে অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন ও রক্ষাকবচ খারিজ হওয়ার পরেই এই পদক্ষেপ করে রাজ্য পুলিশের তদন্তকারী দল।

পুলিশ ও সিআইডি সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সুমিতের রক্ষাকবচ বাতিল করে জানায় যে তাঁকে সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি তদন্তে সঠিক সহযোগিতা করেননি। আদালতে রাজ্যের তরফে দাবি করা হয়, সুমিতের অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকা জমা হয়েছে, যার মধ্যে শুধু জুনেই প্রায় ৭১ লক্ষ টাকা এসেছে। এই বিপুল পরিমাণ টাকার উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করে তদন্তকারীরা।

বৃহস্পতিবার দুপুরে আদালতের রায় প্রকাশের পরই বিশাল পুলিশবাহিনীকে সঙ্গে নিয়ে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছন সিআইডি আধিকারিকেরা। সেখানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে কিছু সময় ধস্তাধস্তি ও বাগ্‌বিতণ্ডার পর গেট খুলে ভিতরে প্রবেশ করে পুলিশ। এরপর সুমিতকে গ্রেপ্তার করে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয় এবং স্বাস্থ্যপরীক্ষার পর শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে।

উল্লেখ্য, শালবনিতে সরকারি জমির চরিত্র বদল করে নকল নথি বানিয়ে চড়া দামে বিক্রির অভিযোগে শালবনি থানায় মামলা রুজু হয়েছিল। এর আগে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সুমিতের নাম উঠে আসে। এর আগেও গত জুন মাসে সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ।