TMC Leaders Under Attack
সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর থেকেই রাজ্যজুড়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। একদিকে দলের শীর্ষ নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের উপর হামলার অভিযোগ উঠছে, অন্যদিকে দুর্নীতি, সরকারি সম্পত্তি আত্মসাৎ এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের একাধিক নেতা। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া একাধিক ঘটনায় নতুন করে চাপে পড়েছে শাসকদল।
চণ্ডীতলায় বিক্ষোভে আক্রান্ত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে রবিবার চণ্ডীতলা থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তাঁর দিকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। সেই ইট তাঁর মাথায় লাগে। আঘাত পেয়ে কিছু সময়ের জন্য মাটিতে বসে পড়েন তিনি।ঘটনাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বিক্ষোভস্থলে সাংসদকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগানও ওঠে বলে অভিযোগ।
চুঁচুড়ায় প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ও ভাইস চেয়ারম্যান আটক
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তার প্রতিবাদে শনিবার চুঁচুড়ার পিপুলপাতি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।অভিযোগ, অবরোধ কর্মসূচির সময় পুলিশের কাজে বাধা দেওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার অসিত মজুমদার এবং চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহাকে আটক করে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে পৃথক ঘটনায় তোলাবাজি ও এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছেন দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস এবং বিধাননগর পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী ভাস্কর সিনহা রায়।
১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ! গ্রেফতার দুই তৃণমূল নেতা
পূর্ব বর্ধমানের কাটোয়ায় ১০০ দিনের কাজের প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বহু উপভোক্তার অজান্তে তাঁদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে বছরের পর বছর প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে।
এই ঘটনায় শনিবার রাতে কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে তৃণমূল নেতা দিগন্ত পালকে আটক করে পুলিশ। পরে একই মামলায় গ্রেফতার করা হয় বিশ্বনাথ সাহা নামে আরও এক তৃণমূল নেতাকে।ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাশাপাশি দলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নামও উঠে এসেছে।
প্রাক্তন বিধায়কের বাড়িতে সরকারি ত্রাণ! গ্রেফতার তপন চট্টোপাধ্যায়
পূর্বস্থলী উত্তর কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে তাঁর বাড়িতে অভিযান চালায় পূর্বস্থলী থানার পুলিশ। অভিযানে দুর্যোগ মোকাবিলার জন্য বরাদ্দ ত্রিপল এবং সরকারি ক্রীড়া উন্নয়ন প্রকল্পের বহু ফুটবল উদ্ধার হয়।স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বণ্টনের পরিবর্তে দীর্ঘদিন ধরে এই সামগ্রী বাড়িতে মজুত করে রাখা হয়েছিল। ঘটনার জেরে তপন চট্টোপাধ্যায়কে আটক করে পরে গ্রেফতার করা হয়েছে।
উত্তরপ্রদেশ থেকে আটক প্রাক্তন বিধায়ক খোকন দাস
বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকেও রবিবার উত্তরপ্রদেশের মোগলসরাই থেকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারধরের একটি পুরনো মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই মামলার তদন্তে তাঁকে আটক করা হয়েছে। স্থানীয় আদালতে পেশ করে ট্রানসিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর
যুবভারতীতে লিওনেল মেসিকে আনার প্রতিশ্রুতি ঘিরে বিতর্কের জেরে এবার বড় পদক্ষেপ করল পুলিশ। আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া মামলায় তোলাবাজি, প্রতারণা, ভয় দেখানো এবং অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
চাপের মুখে শাসকদল
গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহে স্পষ্ট, একদিকে যেমন তৃণমূলের সাংসদ, নেতা ও কর্মীদের উপর হামলার অভিযোগ সামনে আসছে, অন্যদিকে দুর্নীতি, সরকারি সম্পত্তি আত্মসাৎ, তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দলের একাধিক নেতার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপও দেখা যাচ্ছে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, তখন হামলা ও গ্রেফতারির এই ধারাবাহিক ঘটনাগুলি আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
